শিক্ষককে ক্লাস বুঝিয়ে দিন (শ্রেণী শিক্ষক করুন)
শিক্ষক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না? এই এক কাজেই সমাধান — ২ মিনিট।
-
প্রথমে বুঝে নিন সমস্যাটা কী। হাজিরা খাতায় একজন শিক্ষক কাজ করতে দুইটা ধাপ লাগে — (১) প্রতিষ্ঠানে যুক্ত হওয়া, (২) কোন কোন ক্লাসের শিক্ষক তা ঠিক করে দেওয়া। বেশির ভাগ সময় প্রথমটা হয়ে যায়, দ্বিতীয়টা বাকি থাকে। তখন শিক্ষক ঢুকতে পারেন, কিন্তু ভিতরে সব খালি দেখেন।
শিক্ষকের ফোনে যদি লেখা থাকে "প্রতিষ্ঠানের এডমিন এখনো আপনাকে কোনো ক্লাসের দায়িত্ব দেননি" — তাহলে এটাই আপনার সমস্যা, নিচের কাজটা করলেই ঠিক হয়ে যাবে। অ্যাপে কোনো সমস্যা নেই, আপডেটও লাগবে না। 🙏
-
হোম স্ক্রিনে আপনার ক্লাসগুলোর তালিকা আছে। যে শিক্ষককে দায়িত্ব দিতে চান, তিনি যে ক্লাসে পড়ান — সেই ক্লাসটা খুঁজে নিন।
-
সেই ক্লাসের কার্ডে "এডিট" চাপুন। খেয়াল রাখবেন — যে ক্লাসের নাম দিতে চান, ঠিক সেই কার্ডের "এডিট"। প্রতিটা কার্ডেই "এডিট" লেখা থাকে, তাই নামটা একবার মিলিয়ে নিন।
-
"ক্লাস এডিট করুন" পাতা খুলবে। একটু নিচে নামলে "শ্রেণী শিক্ষক" লেখা একটা ঘর দেখবেন, তার ভিতরে লেখা "শ্রেণী শিক্ষক যোগ করুন"। ওই ঘরটাতে চাপুন।
ঘরটা দেখতে না পেলে দুইটা কারণ হতে পারে — (১) এটা আপনার ব্যক্তিগত ক্লাস, প্রতিষ্ঠানের ক্লাস নয়; (২) আপনি প্রতিষ্ঠানের এডমিন বা প্রধান শিক্ষক নন। এই ঘরটা শুধু এডমিন আর প্রধান শিক্ষকই দেখতে পান।
-
শিক্ষকদের নামের তালিকা আসবে। যে শিক্ষককে এই ক্লাসের দায়িত্ব দিতে চান, তাঁর নামের পাশে টিক দিন। নাম অনেক হলে উপরে "শিক্ষক খুঁজুন" ঘরে নামের কয়েকটা অক্ষর লিখে খুঁজে নিন।
একটা ক্লাসে একের বেশি শিক্ষককেও টিক দিতে পারেন। আর একজন শিক্ষককে যতগুলো ক্লাসে পড়ান, প্রতিটা ক্লাসে আলাদা করে টিক দিতে হবে — একবার টিক দিলে সব ক্লাসে হয়ে যায় না।
-
নিচে "ঠিক আছে" চাপুন। এরপর "সতর্কতা" লেখা একটা ছোট বার্তা আসবে — সেখানেও "ঠিক আছে" চাপুন। ব্যাস, কাজ শেষ।
দ্বিতীয় "ঠিক আছে" চাপলেই নিজে থেকে সেভ হয়ে যায়। আলাদা করে "আপডেট" চাপার দরকার নেই — "আপডেট" বাটনটা ক্লাসের নাম, শাখা বা শিক্ষাবর্ষ বদলানোর জন্য, শিক্ষকের জন্য নয়।
-
এখন শিক্ষককে বলুন অ্যাপটা একবার পুরো বন্ধ করে আবার খুলতে। খুললেই তিনি তাঁর ক্লাস, ছাত্র-ছাত্রী আর হাজিরা সব দেখতে পাবেন।
-
একজন শিক্ষক ৩টা ক্লাসে পড়ালে ৩ বার এই কাজটা করতে হবে — প্রতিটা ক্লাসে আলাদা করে। মাত্র ২০ সেকেন্ডের কাজ প্রতিটার জন্য।
-
এইটুকুতেই মূল কাজ শেষ। এরপরের ধাপগুলো ঐচ্ছিক — শুধু তখনই লাগবে যখন আপনি চান না যে ক্লাসের শিক্ষক ঐ ক্লাসের বেতনও তুলুন। ঐ একই "ক্লাস এডিট করুন" পাতায়, "শ্রেণী শিক্ষক" ঘরের ঠিক নিচেই "বেতন কালেকশনের অনুমতি" নামে আরেকটা ঘর আছে। শুরুতে ওখানে লেখা থাকে "সবাই পারবেন (কিছু ঠিক করা হয়নি)"।
এই ঘরে হাত না দিলে আগের মতোই সব চলবে — এই ক্লাসের প্রতিটা শ্রেণী শিক্ষক বেতন তুলতে পারবেন। আপনার পুরানো ক্লাসগুলোতে কিছুই বদলায়নি, নতুন করে কিছু ঠিক করতে হবে না।
-
ঘরটাতে চাপুন। "কারা বেতন তুলতে পারবেন" নামে একটা তালিকা আসবে, তাতে এই ক্লাসের শ্রেণী শিক্ষকদের নাম থাকবে। যাঁদের বেতন তোলার অনুমতি দিতে চান শুধু তাঁদের নামে টিক দিন, তারপর "ঠিক আছে" চাপুন।
তালিকায় শুধু এই ক্লাসের শ্রেণী শিক্ষকদের নামই আসে। কারো নাম না পেলে আগে উপরের ধাপে তাঁকে এই ক্লাসের শ্রেণী শিক্ষক করে নিন — যিনি ক্লাসটাই দেখতে পান না, তাঁকে বেতনের অনুমতি দিয়ে কোনো লাভ নাই। আর এখানে "ঠিক আছে" চাপলেই সেভ হয়ে যায়, আলাদা করে "আপডেট" চাপার দরকার নেই।
-
এখন ঐ ঘরে ঐ শিক্ষকদের নাম লেখা থাকবে। তালিকায় যাঁরা নাই, তাঁরা এই ক্লাসটা খুললে "বেতন/ভাতা/ফি হিসাব" বাটনটাই আর দেখতে পাবেন না। আর কাউকেই টিক না দিয়ে "ঠিক আছে" চাপলে লেখা আসবে "কোনো শিক্ষক না — শুধু এডমিন ও প্রধান শিক্ষক" — মানে এই ক্লাসের বেতন আর কোনো শিক্ষক তুলতে পারবেন না।
এডমিন আর প্রধান শিক্ষক সবসময়ই বেতন তুলতে পারবেন — আপনি তালিকায় কাউকে না রাখলেও। নিজেকে বাদ পড়ার ভয় নাই।
-
আগের মতো সবাইকে অনুমতি ফিরিয়ে দিতে চাইলে ঐ ঘরের নিচে "সব শ্রেণী শিক্ষককে আবার অনুমতি দিন" লেখাটায় চাপুন। কাজ হয়েছে কিনা দেখতে শিক্ষককে বলুন অ্যাপ পুরো বন্ধ করে আবার খুলে ঐ ক্লাসে ঢুকতে — "বেতন/ভাতা/ফি হিসাব" বাটনটা আছে কিনা দেখলেই বুঝবেন।
সাধারণ প্রশ্ন
শিক্ষকের তালিকায় শিক্ষকের নামই আসছে না। কী করব?
তালিকায় লেখা থাকলে "আপনি ছাড়া এই প্রতিষ্ঠানে আর কেউ যুক্ত হননি" — মানে ওই শিক্ষক এখনো প্রতিষ্ঠানে যোগ দেননি। শুধু আমন্ত্রণ পাঠালেই হয় না। শিক্ষককে বলুন: যে নম্বরে আমন্ত্রণ পাঠিয়েছেন, ঠিক সেই নম্বর দিয়ে হাজিরা খাতায় ঢুকতে। ঢুকলেই তাঁর হোম স্ক্রিনে আপনার প্রতিষ্ঠানের কার্ড আসবে — সেখানে "একসেপ্ট" চাপতে হবে। তিনি চাপলে আপনার কাছে "একসেপ্ট" আসবে, আপনি দিলে তিনি সদস্য হয়ে যাবেন। তারপর এই তালিকায় নাম আসবে।
শিক্ষকের নামের জায়গায় "null" লেখা আসছে। এটা কী?
যাঁরা যোগ দেওয়ার সময় নিজের নাম লেখেননি, তাঁদের নামের জায়গায় আগে "null" দেখাত। এটা ঠিক করা হয়ে গেছে। অ্যাপটা একবার পুরো বন্ধ করে আবার খুলুন — এখন আসল নাম দেখতে পাবেন। কারো নাম না থাকলে তালিকায় তাঁর ফোন নম্বর দেখে চিনে নিতে পারবেন।
শিক্ষক জিমেইল দিয়ে ঢুকেছেন, তাঁর সব তথ্য হারিয়ে গেছে!
কিছুই হারায়নি। হাজিরা খাতার কাছে আপনার ফোন নম্বর আর আপনার জিমেইল — সম্পূর্ণ আলাদা দুইটা মানুষ। ফোন নম্বর দিয়ে যে কাজ করেছেন, জিমেইল দিয়ে ঢুকলে সেটা দেখাবে না, আর জিমেইলের কাজ ফোন নম্বরে দেখাবে না। নিয়ম একটাই: যেটা দিয়ে শুরু করেছেন, সবসময় সেটা দিয়েই ঢুকবেন। ভুল করে অন্যটা দিয়ে ঢুকে ফেললে ভয় পাবেন না — বেরিয়ে গিয়ে আগেরটা দিয়ে ঢুকলেই সব ফেরত পাবেন।
শ্রেণী শিক্ষক আর পদবী — এই দুইটা কি এক জিনিস?
না, আলাদা। পদবী (শিক্ষক, প্রধান শিক্ষক, হিসাবরক্ষক…) ঠিক করে তিনি কতটুকু ক্ষমতা পাবেন। আর শ্রেণী শিক্ষক ঠিক করে তিনি কোন কোন ক্লাস দেখতে পাবেন। দুইটাই আলাদা করে দিতে হয়। কোন পদবীতে কী ক্ষমতা, পুরোটা এখানে — hazirakhata.xyz/bn/tutorials/staff-roles-permissions/
শ্রেণী শিক্ষক হলে তিনি কী কী করতে পারবেন?
হাজিরা নিতে, ফি তুলতে, শিক্ষার্থী যোগ ও এডিট করতে এবং রিপোর্ট দেখতে পারবেন। কিন্তু ক্লাসের নাম/শাখা/শিক্ষাবর্ষ এডিট, শিক্ষার্থী ডিলিট, নতুন ফি-হিসাব খোলা বা ফি-র দাম বদলানো — এগুলো পারবেন না। এসব শুধু প্রধান শিক্ষক আর এডমিন করতে পারেন। ফি তোলার অনুমতিটা এখন ক্লাস ধরে ধরে বন্ধও করা যায় — উপরের ঐচ্ছিক ধাপগুলো দেখুন।
একজন শিক্ষককে ক্লাসটা দিতে চাই, কিন্তু ঐ ক্লাসের বেতন তোলার দায়িত্ব দিতে চাই না। সম্ভব?
হ্যাঁ। ক্লাসের "এডিট" → "বেতন কালেকশনের অনুমতি" ঘরে গিয়ে শুধু যাঁদের অনুমতি দিতে চান তাঁদের টিক দিন। বাকিরা ক্লাসের সব কাজ — হাজিরা, শিক্ষার্থী, রিপোর্ট — আগের মতোই করতে পারবেন, শুধু "বেতন/ভাতা/ফি হিসাব" বাটনটা তাঁদের কাছে আর দেখাবে না। এটা প্রতি ক্লাসে আলাদা, তাই একই শিক্ষককে এক ক্লাসে অনুমতি দিয়ে আরেক ক্লাসে না দেওয়াও যায়।
ভুল শিক্ষককে দিয়ে ফেলেছি। সরাব কীভাবে?
একইভাবে যান — ক্লাসের "এডিট" → "শ্রেণী শিক্ষক" ঘর। যাঁকে সরাতে চান, তাঁর নামের টিক তুলে দিন, তারপর "ঠিক আছে" → "ঠিক আছে"। সবাইকে একবারে সরাতে চাইলে "সকলকে রিমুভ করুন" আছে। বদলে অন্য কাউকে দিতে চাইলে খেয়াল রাখবেন: এই পিকারে শুধু তাঁদেরই নাম আসে যাঁরা ইতিমধ্যে আপনার প্রতিষ্ঠানের সদস্য। যাঁকে নতুন করে দিতে চান তিনি যদি এখনো সদস্য না হয়ে থাকেন, আগে তাঁকে আমন্ত্রণ জানিয়ে সদস্য বানাতে হবে — hazirakhata.xyz/bn/tutorials/invite-teachers/ — তারপরই তাঁর নাম এখানে আসবে।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- প্রতিষ্ঠান সাজাবেন কীভাবে প্রতিষ্ঠানের প্রোফাইল একবার খুললে অন্য শিক্ষকদের যুক্ত করা যায়, আর সবাই একই ক্লাস-ছাত্র দেখতে পান।
- শিক্ষক আমন্ত্রণ ও অনুমোদন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক যুক্ত করা — কোড পাঠানো, আর অনুরোধ এলে এক চাপে অনুমোদন।
- কে কী দেখতে পারবে — পদবী ও পারমিশন অন্য শিক্ষকরা কীভাবে ঢুকবেন, আর কাকে কতটুকু ক্ষমতা দেবেন — সেটিংটা কোথায় আছে তাও দেখানো আছে।
- শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে গেছেন — নাম সরাবেন কীভাবে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, বা ভুল মানুষকে অনুমোদন দিয়ে ফেলেছেন। এক চাপে নাম সরান — তাঁর নেওয়া হাজিরা-বেতনের হিসাব কিছুই না হারিয়ে। নিজে বেরিয়ে যেতে চাইলে কী করবেন, সেটাও আছে।
- অনলাইনে ভর্তি নেবেন কীভাবে একটা লিংক বানিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিন। অভিভাবক ঘরে বসে ফর্ম পূরণ করবেন, আবেদন আপনার অ্যাপে চলে আসবে, আর অনুমোদন দিলেই শিক্ষার্থী ক্লাসে যোগ হয়ে যাবে।
- শিক্ষক হিসেবে নিজে যোগ দিন প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোড দিয়ে নিজেই যুক্ত হয়ে যান।
- শিক্ষক হাজিরার তালিকা দেখবেন কীভাবে কোন শিক্ষক আজ এসেছেন, কে আসেননি — পুরো প্রতিষ্ঠানের হিসাব এক জায়গায়। ট্যাবটা ফাঁকা দেখালে কেন ফাঁকা, সেটাও এখানে বলা আছে।
- প্রতিষ্ঠানের নিজের ওয়েবসাইট বানাবেন কীভাবে হাজিরা খাতা থেকেই প্রতিষ্ঠানের একটা ওয়েবসাইট বানানো যায় — বিনামূল্যে, কোনো কোডিং ছাড়া। নোটিশ, শিক্ষকবৃন্দ, ভর্তির খবর সব এক পাতায় থাকবে, আর লিংকটা অভিভাবকদের পাঠিয়ে দিতে পারবেন।