কে কী দেখতে পারবে — পদবী ও পারমিশন
অন্য শিক্ষকরা কীভাবে ঢুকবেন, আর কাকে কতটুকু ক্ষমতা দেবেন — পদবী দিয়ে, আর এখন একজন মানুষের জন্য আরও নির্দিষ্ট করে "অনুমতি" দিয়েও।
-
প্রথমে একটা কথা পরিষ্কার করে নিই — সবাই একটা অ্যাকাউন্টে ঢুকবেন না। প্রত্যেক শিক্ষক নিজের ফোনে, নিজের নম্বর (বা নিজের জিমেইল) দিয়ে ঢুকবেন। সবাই একই প্রতিষ্ঠানে থাকবেন, কিন্তু হিসাব আলাদা। তাই কে কখন কী করলেন সেটা আলাদা করে বোঝা যায়।
একটা নম্বর একজনেরই। দুইজন শিক্ষককে একই নম্বর দিয়ে ঢোকাবেন না — তাহলে দুইজনের কাজ একজনের নামে জমা হবে, আর পরে কে কী করেছে বোঝার কোনো উপায় থাকবে না।
-
শিক্ষককে ঢোকানোর নিয়ম দুইটা। (১) আপনি তাঁর নম্বর দিয়ে যুক্ত করে দেবেন, তিনি ওই নম্বরে ঢুকে "একসেপ্ট করুন" চাপবেন। (২) অথবা আপনি ৬ অক্ষরের একটা কোড পাঠাবেন, তিনি কোড দিয়ে অনুরোধ পাঠাবেন। দুই ক্ষেত্রেই শেষে আপনি "এপ্রুভ" দিলেই তিনি সদস্য।
-
এবার পারমিশনের সেটিংটা কোথায়। "প্রতিষ্ঠান" ট্যাবে যান — সেখানে প্রতিষ্ঠানের সদস্যদের তালিকা আছে। যাঁর ক্ষমতা ঠিক করতে চান, তাঁর নামের পাশে "এডিট" চাপুন।
শুধু হাজিরা খাতা এডমিন আর প্রধান শিক্ষকই এই "এডিট" পাবেন। সাধারণ শিক্ষক অন্য শিক্ষকের পদবী বদলাতে পারেন না — এটা ইচ্ছা করেই করা, নাহলে দুইজন শিক্ষক মিলে একে অন্যকে ক্ষমতা দিয়ে দিতে পারতেন।
-
"কর্মকর্তার তথ্য এডিট করুন" পাতা খুলবে। সেখানে "পদবীঃ" ঘরে "সিলেক্ট করুন" চাপুন — পদবীর তালিকা আসবে।
-
যেটা দেবেন সেটাতে টিক দিন, তারপর "নিশ্চিত করুন" চাপুন। একজনকে একাধিক পদবীও দিতে পারবেন। নিচে কোন পদবীতে কী ক্ষমতা, সেটা দেওয়া আছে — দেখে নিয়ে বেছে নিন।
-
কোন পদবী কী খোলে — এটাই আসল কথা:
-
**প্রধান শিক্ষক** — সব কিছু। সব ক্লাস, সব ছাত্র, শিক্ষকদের পদবী বদলানো, আর প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও বেতনের হিসাব। সবচেয়ে বেশি ক্ষমতা যেটা আপনি কাউকে দিতে পারেন।
ভেবে দিন। প্রধান শিক্ষক বানালে তিনি সবার বেতনের হিসাব দেখতে পাবেন, এবং অন্য শিক্ষকদের পদবীও বদলাতে পারবেন। অ্যাপ নিজেও এই সতর্কতাটা দেখাবে।
-
**সহকারী প্রধান শিক্ষক (হিসাব ছাড়া)** — প্রতিষ্ঠান চালানোর কাজ করতে পারবেন: নতুন শিক্ষকের অনুরোধ অনুমোদন, কর্মকর্তার ফাইল, ভর্তি, হাজিরা ঠিক করা। কিন্তু টাকার হিসাব দেখতে পাবেন না। দ্বিতীয় জন হিসেবে রাখার জন্য এটাই সবচেয়ে ভালো।
-
**হিসাবরক্ষক (শুধু হিসাব)** — শুধু আয়-ব্যয় ও বেতনের হিসাব। আর কিছু না। যে কেরানি হিসাব রাখেন, তাঁর জন্য এটাই — আগে এর জন্য মানুষকে পুরা এডমিন বানাতে হতো, এখন লাগে না।
-
**শিক্ষক / সহকারী শিক্ষক / অফিস সহকারী** — সাধারণ পদবী। এঁরা শুধু সেই ক্লাসগুলো দেখতে পাবেন যেগুলোতে আপনি তাঁদের শ্রেণী শিক্ষক করে দিয়েছেন। প্রতিষ্ঠানের আয়-ব্যয় আর **স্টাফদের বেতন** (আয়-ব্যয় ট্যাবের "বেতন ব্যবস্থাপনা") বন্ধ, অন্য শিক্ষকের পদবীও বদলাতে পারবেন না। তবে এখানে "বেতন" মানে **স্টাফের বেতন** — ক্লাসের ভিতরের "বেতন/ভাতা/ফি হিসাব" কিন্তু আলাদা জিনিস, ওটা শ্রেণী শিক্ষক দেখতে পান। পরের ধাপে এই পার্থক্যটাই বুঝিয়ে বলা আছে, ওটা না পড়ে থামবেন না।
-
তবে "টাকা" দুই রকম, আর এই পার্থক্যটা না জানলে গোলমাল হয়। **প্রতিষ্ঠানের আয়-ব্যয় ও শিক্ষকদের বেতন** — সাধারণ পদবীর জন্য পুরা বন্ধ। আর **নিজের ক্লাসের ছাত্রদের বেতন/ফি** — শ্রেণী শিক্ষক সেটা দেখতে পান আর ছাত্রের কাছ থেকে টাকা তুলতেও পারেন, কারণ টাকা তোলাটা তো তাঁরই কাজ। কিন্তু **ফি-র পরিমাণ ঠিক করা, নতুন ফি বানানো, নাম বা তারিখ বদলানো, কারও আলাদা টাকা বসানো, ফি মুছে ফেলা** — এই পাঁচটা শুধু হাজিরা খাতা এডমিন আর প্রধান শিক্ষক পারবেন। আর টাকা তোলার অনুমতিটাও এখন ক্লাস ধরে ধরে বন্ধ করা যায় — ক্লাসের "এডিট" → "বেতন কালেকশনের অনুমতি" ঘর থেকে। কিছু না করলে আগের মতোই সব শ্রেণী শিক্ষক তুলতে পারবেন।
পুরানো ভার্সনে এটা ঠিক ছিল না — শ্রেণী শিক্ষক ফি-র পরিমাণও বদলাতে পারতেন। ২০২৬ সালের আগস্টের আপডেটে ঠিক করা হয়েছে। আপনার শিক্ষকের ফোনে এখনো যদি বদলানো যায়, তাহলে তাঁকে বলুন প্লে স্টোর থেকে অ্যাপটা আপডেট করে নিতে।
-
এখানে একটা কথা অনেকেই গুলিয়ে ফেলেন — **পদবী আর শ্রেণী শিক্ষক এক জিনিস নয়।** পদবী ঠিক করে তিনি কতটুকু ক্ষমতা পাবেন। আর শ্রেণী শিক্ষক ঠিক করে তিনি কোন ক্লাসগুলো দেখতে পাবেন। শুধু পদবী দিলে সাধারণ শিক্ষক কোনো ক্লাসই দেখবেন না — ক্লাসও আলাদা করে বুঝিয়ে দিতে হবে।
শিক্ষক "কিছুই দেখতে পাচ্ছি না" বললে ৯৯% সময় এটাই কারণ। ক্লাস বুঝিয়ে দেওয়ার নিয়ম এখানে — hazirakhata.xyz/bn/tutorials/assign-class-teacher/
-
পদবীর পাশাপাশি আরেকটা নতুন জিনিস আছে (আগস্ট ২০২৬), একদম নির্দিষ্ট মানুষের জন্য — "অনুমতি"। একই "কর্মকর্তার তথ্য এডিট করুন" পাতায়, পদবীর ঘরের ঠিক নিচে "অনুমতি" নামে একটা লেখা আছে, তাতে চাপুন।
পদবীর নিচে "অনুমতি" লেখাটা না দেখলে বুঝবেন আপনার অ্যাপটা পুরানো — এটা ৩.২.২০৭ থেকে আছে আর এখন সবার অ্যাপেই চলে গেছে। Play স্টোর থেকে একবার আপডেট করে নিন।
-
পদবী মোটা দাগে ঠিক করে দেয় কেউ কী পারে — শিক্ষক, প্রধান শিক্ষক, ইত্যাদি। অনুমতি তার উপরে আরও সরু একটা তালা, শুধু একজন মানুষের জন্য — পদবী যা দিয়েছে তার থেকে কিছু কম রাখা যায়। যেমন কেউ সহকারী শিক্ষক পদবীতেই থাকবেন, কিন্তু শুধু হাজিরা দিতে পারবেন, বাকি সব বন্ধ — এটা পদবী দিয়ে হয় না, অনুমতি দিয়ে হয়।
অনুমতি শুধু সংকুচিত করে, বাড়ায় না। পদবীর চেয়ে বেশি ক্ষমতা এখান থেকে দেওয়া যায় না — বেশি ক্ষমতার জন্য পদবীই বদলাতে হবে।
-
"অনুমতি" পাতায় প্রথমে তিনটা বাছাই আসবে। "সব অনুমতি (ডিফল্ট)" — কিছুই আটকানো নেই, আগে যা পারতেন তা-ই পারবেন। "শুধু হাজিরা" — এক চাপে শুধু হাজিরা খোলা রেখে বাকি সব বন্ধ করে দেয়। "নিজে ঠিক করুন" — নিচের সাতটা কাজ একটা একটা করে চালু বা বন্ধ করা যায়।
-
"নিজে ঠিক করুন" বেছে নিলে সাতটা সুইচ দেখা যাবে — হাজিরা নেওয়া ও ঠিক করা, শিক্ষার্থীর তথ্য যোগ ও পরিবর্তন, কিছু মুছে ফেলা, বেতন/ফি দেখা ও আদায়, বেতন/ফি নির্ধারণ ও পরিবর্তন, প্রত্যয়ন পত্র/বিজ্ঞপ্তি/প্রশ্নপত্র/পরিচয়পত্র/প্রবেশপত্র, আর অন্য শিক্ষকদের হাজিরা দেখা। যেটা বন্ধ করবেন সেটাই ওই মানুষের জন্য বন্ধ হবে।
দুইটা সুইচ "দেখা"ও বন্ধ করে, বাকি পাঁচটা শুধু "করা" বন্ধ করে। "বেতন/ফি দেখা ও আদায়" বন্ধ করলে শুধু টাকা তোলা না, সব ছাত্রের তালিকায় টাকার কলামগুলোও আর দেখা যায় না। আর "অন্য শিক্ষকদের হাজিরা দেখা" বন্ধ করলে শিক্ষক হাজিরার তালিকাটাই আর খুলবে না — তবে নিজের হাজিরা তিনি আগের মতোই দিতে পারবেন, ওইটা কখনো বন্ধ হয় না।
-
নিচে "সংরক্ষণ করুন" চাপার আগে পাতার ওপরের লাইনটা পড়ে নিন — সেখানে লেখা থাকে তিনি এখন কী কী পারবেন, বাংলায় এক বাক্যে। বদল প্রায় সাথে সাথেই কাজ করে; নিরাপদ থাকতে ওই শিক্ষককে বলুন অ্যাপ পুরো বন্ধ করে আবার খুলতে।
-
পাতার নিচের ছোট লেখাটাও পড়ে নিন — কোন তালা সত্যিকারের, সেটা ওইখানে বলা থাকে। এখন দুইটা সুইচ সার্ভারেও কাজ করে: **বেতন/ফি দেখা ও আদায়** আর **অন্য শিক্ষকদের হাজিরা দেখা**। এই দুইটা বন্ধ করলে ওই মানুষের ফোনে যত পুরান ভার্সনই থাকুক, সে আর ঢুকতে পারবে না। বাকি পাঁচটা এখনো শুধু অ্যাপের ভিতরের নিয়ন্ত্রণ — খুব পুরান ভার্সনে সেগুলা এখনো নাও আটকাতে পারে। (আপনার অ্যাপে লেখাটা যদি শুধু বেতন/ফি-র কথা বলে, তার মানে আপনার অ্যাপ এখনো আপডেট পায়নি — নিয়মটা তবু সার্ভারে চালু আছে।)
যাঁকে বন্ধ করেছেন, তিনি বন্ধ জায়গায় ঢুকতে চাইলে দেখবেন: "এই অংশটি আপনার জন্য বন্ধ আছে। প্রতিষ্ঠানের এডমিন বা প্রধান শিক্ষক প্রতিষ্ঠান পাতায় আপনার নামের পাশে 'অনুমতি' থেকে এটি চালু করতে পারেন।" অপশনটা হারিয়ে যায় না, শুধু তালা দেওয়া থাকে, আর কার কাছে চাইতে হবে সেটাও বলে দেয়।
সাধারণ প্রশ্ন
অনুমতি দিয়ে কি কাউকে বেশি কিছু দেখার ক্ষমতা দেওয়া যায়? যেমন কোনো শিক্ষককে টাকার হিসাব দেখাতে চাই।
না, আর এইটা অনেকেই উল্টা বোঝেন। "অনুমতি" দিয়ে ক্ষমতা **কমানো যায়, বাড়ানো যায় না**। কাউকে কিছু না বললে তিনি এমনিতেই তাঁর পদবী অনুযায়ী সবই পারেন — অনুমতির পাতা থেকে আপনি বরং একজনের জন্য হাজিরা, ফি আদায় বা প্রিন্ট আলাদা করে বন্ধ করে দিতে পারেন। কে টাকার হিসাব দেখবে সেটা ঠিক হয় **পদবী দিয়ে**। প্রতিষ্ঠানের আয়-ব্যয় আর শিক্ষকদের বেতন সাধারণ শিক্ষক বা সহকারী শিক্ষককে কোনো সুইচ দিয়েই খুলে দেওয়া যায় না, ওইটা সার্ভার থেকেই বন্ধ। দেখাতে চাইলে পদবী বদলান — **হিসাবরক্ষক** দিলে তিনি হিসাব দেখবেন, **সহকারী প্রধান শিক্ষক** দিলে হিসাব ছাড়া বাকি সব পাবেন।
প্রত্যয়ন পত্র, বিজ্ঞপ্তি, প্রশ্নপত্র, পরিচয়পত্র, প্রবেশপত্র — এই কাজগুলো কি সহকারী শিক্ষকরাও করতে পারবেন?
পারবেন। এই পাঁচটার জন্য আলাদা কোনো পদবি লাগে না — যিনি ক্লাসটা খুলতে পারেন, তিনিই ক্লাসের ভিতর থেকে প্রত্যয়ন পত্র, বিজ্ঞপ্তি, পরিচয়পত্র আর প্রবেশপত্র বানাতে পারবেন। প্রশ্নপত্রের জন্য তো ক্লাসও লাগে না, যেকোনো শিক্ষক বানাতে পারেন। শর্ত একটাই: এডমিন বা প্রধান শিক্ষককে আগে ঐ শিক্ষককে ক্লাসের সাথে যুক্ত করে দিতে হবে — ক্লাসের তালিকায় তাঁর নাম না থাকলে তিনি ক্লাসটাই দেখবেন না, তাই ছাত্রও পাবেন না। একটা ব্যতিক্রম আছে: শিক্ষক-কর্মীদের পরিচয়পত্র (স্টাফ আইডি কার্ড) সবাই বানাতে পারেন না — ওটা শুধু প্রধান শিক্ষক, এডমিন আর সহকারী প্রধান শিক্ষক পারেন, কারণ ওটা শিক্ষকদের ব্যক্তিগত তথ্যের ফাইল থেকে তৈরি হয়। ছাত্রদের পরিচয়পত্রে এই বাধা নেই।
হাজিরা খাতা এডমিন পদবীটা তালিকায় আছে, কিন্তু কাউকে দিতে পারছি না কেন?
এটা ইচ্ছা করেই বন্ধ রাখা। যিনি প্রতিষ্ঠানটা প্রথম খুলেছেন, শুধু তিনিই হাজিরা খাতা এডমিন — এটা আর কাউকে দেওয়া যায় না, কখনোই। কারণ এডমিনই একমাত্র যিনি প্রধান শিক্ষক বানাতে পারেন; এডমিন বানানো গেলে যে কেউ নিজেকে বসিয়ে সবার বেতনের হিসাব খুলে ফেলতে পারত। কাউকে বেশি ক্ষমতা দিতে চাইলে প্রধান শিক্ষক করুন।
আমি প্রধান শিক্ষক, কিন্তু আরেকজন প্রধান শিক্ষকের পদবী বদলাতে পারছি না।
ঠিকই আছে। একজন প্রধান শিক্ষক সাধারণ শিক্ষকদের পদবী বদলাতে পারেন, কিন্তু আরেকজন প্রধান শিক্ষকের নয়। ওটা শুধু হাজিরা খাতা এডমিন পারেন — যিনি প্রতিষ্ঠানটা খুলেছিলেন। তাঁকে বলুন।
শিক্ষককে বেতনের হিসাব দেখাতে চাই না, কিন্তু ভর্তি আর হাজিরার কাজ করতে দিতে চাই। কোনটা দেব?
সহকারী প্রধান শিক্ষক (হিসাব ছাড়া)। এই পদবীটা ঠিক এই কাজের জন্যই বানানো — প্রতিষ্ঠান চালানোর সব কাজ খোলে, টাকার হিসাব বন্ধ রাখে। প্রধান শিক্ষক বানাবেন না, তাহলে টাকাও খুলে যাবে।
একজনকে একসাথে দুইটা পদবী দেওয়া যাবে?
হ্যাঁ। তালিকা থেকে একাধিক টিক দিতে পারবেন। যেমন কেউ শিক্ষক আর হিসাবরক্ষক দুইটাই হতে পারেন — তাহলে তিনি নিজের ক্লাসও দেখবেন, হিসাবও রাখবেন।
শিক্ষক যোগ দেওয়ার বা পদবী দেওয়ার পারমিশন কি শুধু এডমিনের? নাকি অন্যরাও পারেন?
দুইজন পারেন — হাজিরা খাতা এডমিন (যিনি প্রতিষ্ঠানটা খুলেছেন) আর প্রধান শিক্ষক। এই দুইজনই সদস্য তালিকায় "এডিট" পান, নতুন শিক্ষক এপ্রুভ করতে পারেন আর পদবী বসাতে পারেন। সহকারী প্রধান শিক্ষক (হিসাব ছাড়া) প্রতিষ্ঠান চালানোর অন্য কাজগুলো করতে পারলেও পদবী বসাতে পারবেন না — পদবী বসাতে পারলে তিনি নিজেকেই বড় পদ দিয়ে দিতে পারতেন। আর সাধারণ শিক্ষক কাউকে যোগও করতে পারেন না।
আমার এক শিক্ষক সহকারী শিক্ষক, শুধু একটা ক্লাসের শ্রেণী শিক্ষক — কিন্তু তিনি ছাত্রদের বেতন/ফি সেটিংস দেখতে আর বদলাতে পারছেন। এটা কি নিয়ম, নাকি বাগ?
দেখতে পারাটা নিয়ম, বদলাতে পারাটা বাগ ছিল। নিজের ক্লাসের ছাত্রদের বেতন তিনি দেখবেন আর টাকা তুলবেন — ওটা তাঁর কাজ, বন্ধ করলে তিনি কালেকশনই করতে পারতেন না। কিন্তু ফি-র পরিমাণ বা নাম বদলানো তাঁর কাজ না, আর পুরানো ভার্সনে ওই বোতামটায় কোনো বাধা বসানো ছিল না। ২০২৬ সালের আগস্টের আপডেটে ঠিক করা হয়েছে — এখন ওখানে চাপ দিলে "শুধু এডমিনের জন্য" লেখা আসবে। শিক্ষককে প্লে স্টোর থেকে অ্যাপ আপডেট করতে বলুন।
একেক ছাত্রের বেতন আলাদা — কারও ১০০০৳, কারও ২০০০৳। এটা কোথায় সেট করব?
ফি-র "বিস্তারিত" পাতার "জন প্রতি টাকার পরিমাণ" ঘরে না — ওটা পুরা ক্লাসের জন্য একটাই দাম। যাঁর আলাদা, তাঁর জন্য উপরে "টাকা কালেকশন" ট্যাবে যান, ওই ছাত্রের নামে চাপুন, তারপর "এই শিক্ষার্থীর জন্য আলাদা টাকা ঠিক করুন" চেপে তাঁর নিজের টাকাটা লিখুন। মওকুফ লেখার দরকার নাই — মওকুফ মানে টাকাটা ধরা হয়েছিল কিন্তু মাফ করা হলো, আর আলাদা টাকা মানে তাঁর বেতনটাই আসলে ওইটুকু। হিসাবে দুইটা আলাদা জিনিস।
আমি কয়েকজন সহকারী শিক্ষককে প্রতি ক্লাস অনুযায়ী হিসাবরক্ষক করে দিচ্ছি, কিন্তু কিছু শিক্ষক হিসাব দেখতে পারছেন না কেন?
হিসাবরক্ষক পদবীটা কোনো নির্দিষ্ট ক্লাসের সাথে বাঁধা না — এটা পুরা প্রতিষ্ঠানের আয়-ব্যয়ের হিসাব একবারে খুলে দেয়, যাকেই দিন না কেন। "প্রতি ক্লাস অনুযায়ী" আলাদা আলাদা হিসাবরক্ষক বানানোর কোনো উপায় নেই — সবাই একই পুরো হিসাব দেখবেন। যিনি হিসাব দেখতে পারছেন না, সম্ভবত তাঁকে হিসাবরক্ষক না দিয়ে ভুলে সাধারণ শিক্ষক/সহকারী শিক্ষক রেখে দিয়েছেন — সদস্য তালিকায় গিয়ে তাঁর পদবীতে "হিসাবরক্ষক" টিক দেওয়া আছে কি না আরেকবার দেখুন। তবে আপনি যদি আসলে চাইছিলেন "কোন শিক্ষক কোন ক্লাসের বেতন তুলবেন" — সেটা এখন ক্লাস ধরে ধরে ঠিক করা যায়, ক্লাসের "এডিট" → "বেতন কালেকশনের অনুমতি" ঘর থেকে। ওটা শুধু ঐ ক্লাসের বেতন তোলার ব্যাপার, প্রতিষ্ঠানের পুরা আয়-ব্যয়ের হিসাব না — সেটা এখনো শুধু হিসাবরক্ষক/এডমিন/প্রধান শিক্ষকের।
পদবী বদলালে কি সাথে সাথে কাজ করে?
হ্যাঁ, প্রায় সাথে সাথেই। তবু নিরাপদে থাকতে ওই শিক্ষককে বলুন অ্যাপটা একবার পুরো বন্ধ করে আবার খুলতে — তাহলে নতুন ক্ষমতা সাথে সাথে দেখা যাবে।
অনুমতি আর পদবী — এই দুইটার মধ্যে পার্থক্য কী, দুইটাই কি লাগবে?
পদবী বড় গণ্ডি ঠিক করে (কে শিক্ষক, কে প্রধান শিক্ষক)। অনুমতি সেই গণ্ডির ভিতরে একজন নির্দিষ্ট মানুষের জন্য আরও কিছু বন্ধ করে দেয়। বেশিরভাগ প্রতিষ্ঠানের অনুমতিতে হাত দেওয়ারই দরকার নাই — শুধু পদবী দিয়েই চলে। অনুমতি দরকার তখনই যখন একজন নির্দিষ্ট মানুষকে তাঁর পদবীর চেয়েও কম দিতে চান।
অনুমতি বন্ধ করলে কি শিক্ষক সেই তথ্য দেখতেও পারবেন না?
বেতন/ফি ছাড়া বাকি পাঁচটার ক্ষেত্রে — দেখতে পারবেন, শুধু বদলাতে বা করতে পারবেন না। যেমন "শিক্ষার্থীর তথ্য যোগ ও পরিবর্তন" বন্ধ করলে তিনি ছাত্রের তথ্য দেখবেন, কিন্তু এডিট করতে পারবেন না। একমাত্র ব্যতিক্রম "বেতন/ফি দেখা ও আদায়" — এটা বন্ধ করলে দেখাও বন্ধ হয়ে যায়, টাকার কলামগুলো আর চোখেই পড়বে না।
অনুমতিতে সব সুইচ চালু, তবু শিক্ষক বেতন তুলতে গেলে "এই ক্লাসের বেতন কালেকশনের অনুমতি আপনার নাই" আসছে কেন?
কারণ বেতন তোলার তালা একটা না, দুইটা — আর দুইটাই খোলা থাকতে হয়। এক, ওই মানুষটার নিজের অনুমতি — প্রতিষ্ঠান পাতায় তাঁর নামের পাশে "অনুমতি" → "বেতন/ফি দেখা ও আদায়"। এটা পুরা প্রতিষ্ঠানের জন্য, সব ক্লাস মিলে। দুই, ওই ক্লাসের কালেকটর তালিকা — ক্লাসের "এডিট" → "বেতন কালেকশনের অনুমতি"। এটা শুধু ঐ একটা ক্লাসের জন্য। যেই লেখাটা আপনি দেখছেন, ওটা দ্বিতীয়টার — মানে তাঁর নিজের অনুমতি ঠিকই আছে, কিন্তু ঐ ক্লাসে কারা তুলবেন সেই তালিকায় তাঁর নাম নাই। ঠিক করবেন এভাবে: ঐ ক্লাসের "এডিট" → "বেতন কালেকশনের অনুমতি" → তাঁর নাম যোগ করুন, অথবা "সব শ্রেণী শিক্ষককে আবার অনুমতি দিন" চাপুন। একটা কথা মনে রাখবেন — ঐ তালিকাটা ফাঁকা থাকলে কোনো বাধাই নাই, ক্লাসের সব শ্রেণী শিক্ষক তুলতে পারেন। একবার কারও নাম বসালেই বাকিরা বাদ পড়ে যান। তাই বেশিরভাগ প্রতিষ্ঠানের ওটায় হাত না দেওয়াই ভালো।
একই জিনিসের অনুমতি দুই জায়গায় কেন? একটা তুলে দিলে হয় না?
দেখতে এক মনে হলেও দুইটা আলাদা কাজ করে, তাই একটাও তোলা যাচ্ছে না। "অনুমতি"-র সুইচটা পুরা প্রতিষ্ঠানের — একবার বন্ধ করলে ঐ মানুষ কোনো ক্লাসেই টাকা ছুঁতে পারবেন না, আর ভবিষ্যতে নতুন ক্লাস খুললেও পারবেন না। ক্লাসের তালিকাটা একটা ক্লাসের — "এই ক্লাসটায় কে তুলবেন" ঠিক করার জন্য, বাকি ক্লাস তাতে বদলায় না। সুইচটা তুলে দিলে একজন শিক্ষককে টাকা থেকে সরাতে হলে আপনাকে প্রতিটা ক্লাসে গিয়ে হাতে হাতে করতে হবে, আর নতুন ক্লাস খুললেই তিনি আবার ফিরে আসবেন। আর ক্লাসের তালিকাটা তুলে দিলে "কোন শিক্ষক কোন ক্লাসের বেতন তুলবেন" — এটাই আর ঠিক করা যাবে না। মনে রাখার সহজ নিয়ম: সুইচটা "এই মানুষটা আদৌ টাকা ধরবেন কি না", আর ক্লাসের তালিকাটা "কোন কোন ক্লাসে ধরবেন"।
AI-কে জিজ্ঞেস করুন
এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।
কপি হয়েছে — এখন পেস্ট করুন
গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন
আরও টিউটোরিয়াল
- প্রতিষ্ঠান সাজাবেন কীভাবে প্রতিষ্ঠানের প্রোফাইল একবার খুললে অন্য শিক্ষকদের যুক্ত করা যায়, আর সবাই একই ক্লাস-ছাত্র দেখতে পান।
- শিক্ষক আমন্ত্রণ ও অনুমোদন প্রতিষ্ঠানে নতুন শিক্ষক যুক্ত করা — কোড পাঠানো, আর অনুরোধ এলে এক চাপে অনুমোদন।
- শিক্ষককে ক্লাস বুঝিয়ে দিন (শ্রেণী শিক্ষক করুন) শিক্ষক প্রতিষ্ঠানে যুক্ত হয়েছেন কিন্তু কিছুই দেখতে পাচ্ছেন না? এই এক কাজেই সমাধান — ২ মিনিট।
- শিক্ষক প্রতিষ্ঠান ছেড়ে গেছেন — নাম সরাবেন কীভাবে কেউ চাকরি ছেড়ে দিয়েছেন, বা ভুল মানুষকে অনুমোদন দিয়ে ফেলেছেন। এক চাপে নাম সরান — তাঁর নেওয়া হাজিরা-বেতনের হিসাব কিছুই না হারিয়ে। নিজে বেরিয়ে যেতে চাইলে কী করবেন, সেটাও আছে।
- শিক্ষকের বেতন রেকর্ড করুন ও রশিদ পাঠান বেতন দেওয়ার পর শিক্ষককে অ্যাপের ভেতরেই একটা রশিদ পাঠান — WhatsApp-এ থাকলে সাথে সাথে, না থাকলেও রশিদ পিকচার হিসেবে পাঠানো যাবে।
- অনলাইনে ভর্তি নেবেন কীভাবে একটা লিংক বানিয়ে ফেসবুক বা হোয়াটসঅ্যাপে দিন। অভিভাবক ঘরে বসে ফর্ম পূরণ করবেন, আবেদন আপনার অ্যাপে চলে আসবে, আর অনুমোদন দিলেই শিক্ষার্থী ক্লাসে যোগ হয়ে যাবে।
- শিক্ষক হিসেবে নিজে যোগ দিন প্রতিষ্ঠান থেকে পাওয়া ৬ অক্ষরের কোড দিয়ে নিজেই যুক্ত হয়ে যান।
- যাকাত ও দান-অনুদানের হিসাব রাখবেন কীভাবে যাকাত, ফিতরা, সদকা আর অনুদানের আলাদা হিসাব — কে দিলেন, কোন শিক্ষক তুললেন, কোথায় বিতরণ হলো।