ক্লাসগুলো আগে-পরে সাজানো — কার্ড চেপে ধরে টেনে আনুন

১৬ অক্টোবর ২০২৬

কেজি টু আগে আর কেজি ওয়ান পরে দেখাচ্ছে? ক্লাস যে সিরিয়ালে বানিয়েছিলেন সেই সিরিয়ালে আসে। "শ্রেণী কার্যক্রম" পাতায় কার্ড চেপে ধরে টেনে নিজের মতো সাজিয়ে নিন — নাম বদলানোর দরকার নাই।

  1. আগে একটা কথা — কিছুই ভুল হয়নি, কোনো তথ্যও হারায়নি। ক্লাসগুলো সেই সিরিয়ালেই আসে যে সিরিয়ালে আপনি বানিয়েছিলেন। কেজি টু আগে বানালে কেজি টু আগেই দেখাবে। এই সিরিয়াল আপনি নিজের হাতে বদলাতে পারেন, নিচের ধাপগুলো দেখুন।

    দুই ক্লাসের নাম অদলবদল করবেন না (কেজি টু-কে "কেজি ওয়ান" আর কেজি ওয়ান-কে "কেজি টু" লিখে দেওয়া)। ছাত্র, হাজিরা, বেতন, ফলাফল সব ক্লাসের সাথে বাঁধা থাকে, নামের সাথে না — নাম অদলবদল করলে কেজি ওয়ানের বাচ্চারা "কেজি টু" নামের নিচে চলে যাবে।

  2. অ্যাপ খুলুন। প্রথম পাতা "শ্রেণী কার্যক্রম"-এ আপনার সব ক্লাসের কার্ড দেখবেন।

  3. যে ক্লাসটা সরাবেন, তার কার্ডের লেখার উপর ("শ্রেণী: …" লেখা জায়গায়) আঙুল চেপে ধরে রাখুন। "এডিট" বা "দেখুন" বোতামের উপর না — কার্ডের ফাঁকা জায়গা বা লেখার উপর। এক সেকেন্ডের মতো ধরে রাখলে ফোন হালকা কাঁপবে আর কার্ডটা একটু বড় হয়ে উঠবে।

    একবার ছুঁয়ে ছেড়ে দিলে কিছু হবে না — চেপে ধরে রাখতে হবে। কার্ড বড় হয়ে ওঠার আগে আঙুল নাড়ালে পাতা স্ক্রল হবে, কার্ড সরবে না।

  4. আঙুল না তুলে কার্ডটা যেখানে চান সেখানে টেনে নিন — যেমন কেজি ওয়ান-কে কেজি টু-এর জায়গায়। পাশের কার্ডগুলো নিজে থেকেই সরে জায়গা করে দেবে। জায়গামতো এলে আঙুল তুলুন।

  5. আলাদা কোনো সেভ বোতাম নাই, আঙুল তুললেই সাজানো সেভ হয়ে যায়। মিলিয়ে দেখতে অ্যাপটা একবার বন্ধ করে আবার খুলুন — সিরিয়াল আপনার সাজানো মতোই থাকবে।

সাধারণ প্রশ্ন

অন্য শিক্ষকদের ফোনেও কি এই সিরিয়াল দেখাবে?

না। সাজানোটা শুধু আপনার এই ফোনে থাকে। প্রতিষ্ঠানের অন্য শিক্ষকরা তাদের ফোনে নিজেরা সাজিয়ে নেবেন — না সাজালে তারা ক্লাস বানানোর সিরিয়ালেই দেখবেন। অ্যাপ মুছে আবার ইনস্টল করলে বা নতুন ফোনে গেলেও আবার সাজাতে হবে।

"সেন্ট্রাল ডাটাবেজ" পাতায় ক্লাসগুলো আগের সিরিয়ালেই দেখাচ্ছে কেন?

এখনকার ভার্সনে "সেন্ট্রাল ডাটাবেজ" পাতা আপনার সাজানো সিরিয়াল মানে না, ক্লাস বানানোর সিরিয়ালেই দেখায়। এটা ঠিক করা হয়েছে, ৩.২.২৯০ বা তার পরের আপডেটে আসছে — তখন ওই পাতাও "শ্রেণী কার্যক্রম"-এর মতো সাজানো দেখাবে। ততদিন সাজানোর কাজটা "শ্রেণী কার্যক্রম" পাতাতেই করুন।

নতুন ক্লাস বানালে সেটা কোথায় আসবে?

সবার শেষে। তারপর উপরের মতো চেপে ধরে টেনে জায়গামতো নিয়ে আসুন।

আর্কাইভ করা ক্লাস টেনে সরানো যাচ্ছে না কেন?

আর্কাইভ করা ক্লাসগুলো আলাদা করে সবার নিচে থাকে, ওগুলো সাজানো যায় না। শুধু চালু ক্লাসগুলোই আগে-পরে করা যায়।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল