মেশিন থেকে হাজিরা আনবেন কীভাবে

হালনাগাদ ২৩ আগস্ট ২০২৬ · অ্যাপ ভার্সন 3.2.158

আঙুলের ছাপের মেশিন থেকে ফাইল নামিয়ে সেটা অ্যাপে তুলে দিন — হাজিরা নিজে থেকেই বসে যাবে।

  1. একটা পেনড্রাইভ নিন। মেশিনের গায়ে ছোট চারকোনা ঘর আছে — ওখানে ঢোকান।

  2. মেশিনের বড় বোতামটা চাপুন। ওটাতে সাধারণত MENU বা M/OK লেখা থাকে।

  3. তালিকা থেকে পেনড্রাইভের ঘরটা খুঁজুন। লেখা থাকতে পারে USB, PenDrive, বা USB Disk।

  4. ভিতরে ঢুকে হাজিরা নামানোর লেখাটা চাপুন — Download AttLog।

    পেনড্রাইভ যদি কাজ না করে — মেশিনে USB ঘরই নাই, বা লাগানোর পর মেশিন কিছু বলছে না, বা এই লেখাটাই মেনুতে খুঁজে পাচ্ছেন না — তাহলে এখানে আটকে থাকবেন না। নিচের প্রশ্নগুলোতে "পেনড্রাইভ কাজ করছে না" দেখুন, কম্পিউটার দিয়ে আরেকটা রাস্তা আছে।

  5. এবার নামের তালিকাটাও নিন। একই জায়গায় আরেকটা লেখা আছে — Download User।

    নামের তালিকাটা না নিলে অ্যাপে শুধু আইডি নম্বর আসবে, নাম আসবে না — তখন কোন আইডি কোন ছাত্র সেটা আপনাকে হাতে মিলাতে হবে। এই ধাপটা বাদ দেবেন না। 🙏

  6. পর্দায় সফল লেখা এলে পেনড্রাইভ খুলে নিন। পেনড্রাইভটা ফোনে লাগান (বা কম্পিউটারে দিয়ে ফোনে পাঠান)।

  7. অ্যাপ খুলুন। হোম পাতায় "মেশিনের হাজিরা" ঘরটাতে চাপ দিন।

    machine-import — ধাপ 7
  8. "ফাইল বাছাই করুন" চেপে পেনড্রাইভের ফাইলগুলো বাছুন — সবগুলো একসাথে। তারপর "এগিয়ে যান" চাপুন।

    machine-import — ধাপ 8
  9. "এই ফাইলে কাদের হাজিরা?" — "ছাত্র-ছাত্রী" বাছুন, তারপর কোন ক্লাসে আর কোন হাজিরায় বসবে সেটা বেছে "এগিয়ে যান" চাপুন।

    "এই ফাইলে কাদের হাজিরা?" — "ছাত্র-ছাত্রী" বাছুন, তারপর কোন ক্লাসে আর কোন হাজিরায় বসবে সেটা বেছে "এগিয়ে যান" চাপুন।
  10. মেশিনের আইডি আর ছাত্রের নাম মিলেছে কিনা দেখে নিন। ভুল থাকলে ওই লাইনে চাপ দিয়ে ঠিক ছাত্রটা বেছে দিন। তারপর "দেখে নিন" চাপুন।

    মেশিনের আইডি আর ছাত্রের নাম মিলেছে কিনা দেখে নিন। ভুল থাকলে ওই লাইনে চাপ দিয়ে ঠিক ছাত্রটা বেছে দিন। তারপর "দেখে নিন" চাপুন।

    যে আইডিগুলো কোনো ছাত্রের সাথে মেলেনি, তাদের হাজিরা বসবে না — অ্যাপ সেটা আগেই জানিয়ে দেবে। মিলিয়ে দিয়ে আসাই ভালো।

  11. কী কী বসবে সেটা পড়ে নিন, তারপর সংরক্ষণের বাটনে চাপ দিন। "হাজিরা তোলা হয়েছে" দেখলে "শেষ" চাপুন।

    কী কী বসবে সেটা পড়ে নিন, তারপর সংরক্ষণের বাটনে চাপ দিন। "হাজিরা তোলা হয়েছে" দেখলে "শেষ" চাপুন।
  12. মেশিনে যদি আগে থেকেই নম্বর বসানো থাকে (যেমন ১০০১, ১০০২…), তাহলে আগে সেটা অ্যাপকে জানিয়ে দিন। "মেশিনের হাজিরা" পাতার নিচে "শিক্ষকদের নম্বর ঠিক করুন" চাপুন।

    machine-import — শিক্ষকদের নম্বর ঠিক করুন

    এই ধাপটা বাদ দিলে অ্যাপ নিজে থেকে নতুন নম্বর (৯০০১, ৯০০২…) দিয়ে দেবে। তখন মেশিনের ফাইলে যে নম্বর আছে সেটার সাথে কারো মিলবে না — হাজিরা তোলা যাবে, কিন্তু কারো নামে বসবে না।

  13. প্রত্যেক নামের পাশে একটা বক্স দেখবেন। বক্সে চাপ দিয়ে মেশিনে ওই মানুষটার যে নম্বর, সেটাই লিখে দিন। নম্বরগুলো ইংরেজি অঙ্কেই থাকবে — মেশিনের বোতামে বাংলা নাই।

    machine-import — প্রত্যেক নামের পাশে নম্বরের বক্স
  14. একই নম্বর দুইজনকে দিলে বক্সটা লাল হয়ে নিচে কারণ লেখা থাকবে, আর সেভ বোতাম কাজ করবে না। লাল লেখাটা ঠিক করে দিলেই আবার কাজ করবে।

    একই নম্বরে দুইজন হলে মেশিনে পরের জনের আঙুল আগের জনেরটা মুছে দেয়। তাই অ্যাপ এটা আটকায় — বিরক্ত হবেন না, এটা আপনাকে বাঁচাচ্ছে।

  15. সব ঠিক থাকলে নিচের "নম্বর সেভ করুন" বোতামটা চাপুন। আবার পাতাটা খুললে নামের পাশে "আগে থেকেই আছে" লেখা দেখবেন — তার মানে সেভ হয়ে গেছে।

  16. ছাত্রদের জন্যও একই কাজ। "মেশিনের হাজিরা" পাতায় "নম্বর ঠিক করে দিন" চাপুন, ক্লাস বাছুন, তারপর একইভাবে নম্বর লিখে সেভ করুন।

  17. শিক্ষকদের হাজিরা তুলতে চাইলে ফাইল দেওয়ার পর "এই ফাইলে কাদের হাজিরা?" প্রশ্নে "ছাত্র-ছাত্রী" এর বদলে "শিক্ষক" বাছুন। তখন আর ক্লাস বাছতে হবে না।

    শিক্ষক নিজে যেদিন অ্যাপে হাজিরা দিয়েছেন, সেদিনটা মেশিনের ফাইল দিয়ে বদলাবে না — তার নিজের দেওয়া হাজিরাই থাকবে।

সাধারণ প্রশ্ন

পেনড্রাইভ ছাড়া, সরাসরি ওয়াইফাই দিয়ে মেশিন থেকে হাজিরা আনা যায়?

হ্যাঁ, যায় — তবে এইটা এখনো পরীক্ষামূলক, আর সব মেশিনে চলবে এমন নিশ্চয়তা নাই। পেনড্রাইভ আর কম্পিউটারের রাস্তা দুইটাই আগের মতো আছে, ওই দুইটা সব ব্র্যান্ডের মেশিনে চলে — তাই ওই দুইটাই প্রধান রাস্তা। শর্ত দুইটা: মেশিনটা তার দিয়ে রাউটারের সাথে লাগানো থাকতে হবে, আর আপনার ফোন ওই একই ওয়াইফাইতে থাকতে হবে। মেশিনের নম্বরটা (যেমন 192.168.1.201) মেশিনের মেনু → Comm/Network এ পাবেন। অ্যাপে "মেশিনের হাজিরা" খুলে উপরে "সরাসরি মেশিন" বাছুন, নম্বরটা বসান, তারপর "যুক্ত হন"। একবার কাজ করলে অ্যাপ নম্বরটা মনে রাখে — পরেরবার থেকে শুধু "হাজিরা আনুন" চাপলেই হয়।

সরাসরি আনলে কি সব হাজিরা চলে আসে? অনেক পুরানো তারিখেরটাও?

মেশিন তার ভিতরে জমা থাকা সব হাজিরাই রাখে — বছরের পর বছর, ছাত্রদেরটাও। এক প্রতিষ্ঠানে ১৩ জন স্টাফের মেশিনে প্রায় আট হাজার হাজিরা জমা ছিল। রোজ ওই আট হাজার দেখে "ঠিক আছে কিনা" বোঝা কারো পক্ষে সম্ভব না, তাই অ্যাপে উপরে বেছে নেওয়ার ঘর আছে — আজকের / গত ৩০ দিনের / মেশিনে যা আছে সব, আর চাইলে নিজে শুরু ও শেষ তারিখ বেছে নেওয়া। শুরুতে "আজকের" বসানো থাকে। সংখ্যা কম দেখলে ঘাবড়াবেন না, কিছু হারায় নাই — অন্য ঘরটা বাছলেই বাকিগুলা চলে আসবে।

সরাসরি যুক্ত হতে গিয়ে আটকে গেলে কী করব?

পর্দায় একটা রিপোর্ট কার্ড আসবে — ওইটা এক চাপে আমাদের পাঠিয়ে দিতে পারবেন, হোয়াটসঅ্যাপে। ওই কার্ডে লেখা থাকে কোন ধাপ পর্যন্ত গেছে, তাই আন্দাজ করতে হয় না। তার আগে দুইটা জিনিস নিজে দেখে নিতে পারেন — (১) অফিসের কম্পিউটারে মেশিনের সফটওয়্যার (যেমন ZKTime) চালু থাকলে ওইটা পুরাপুরি বন্ধ করেন, ছোট করে রাখলে হয় না, কারণ মেশিন একসাথে একটার বেশি কানেকশন নেয় না। (২) ফোনটা মোবাইল ডাটায় না থেকে স্কুলের ওয়াইফাইতে আছে কিনা দেখেন। কাজ না করলেও কার্ডটা পাঠাবেন — ওইটা দিয়েই আমরা ঠিক করি।

অ্যাপটা কি শুধু স্কুলে থাকলে চলবে? বাইরে থেকে হাজিরা দেখতে পারব?

যেকোনো জায়গা থেকেই চলবে — বাসা থেকে, রাস্তা থেকে, নেট থাকলেই হলো। হাজিরা, রিপোর্ট, বেতন, কার্ড সবই বাইরে থেকে দেখতে ও করতে পারবেন। ব্যতিক্রম শুধু একটা জায়গায়: মেশিন থেকে সরাসরি হাজিরা টানার সময় ফোন আর মেশিন একই ওয়াইফাইতে থাকতে হয়, কারণ তখন ফোন সরাসরি মেশিনের সাথে কথা বলে। ওইটুকু একবার টেনে নিলেই হলো — এরপর ঐ হাজিরা বাসা থেকেই দেখতে পারবেন। আর ফাইলের নিয়মটা যেকোনো জায়গা থেকে চলে: অফিসে ফাইল বের করে রাখলে বাসায় গিয়ে ওটা দিয়েই হাজিরা তোলা যায়।

মেশিনে আগে থেকেই নম্বর বসানো — আবার নতুন করে আঙুল বসাতে হবে?

না, দরকার নাই। অ্যাপে গিয়ে ওই নম্বরগুলাই লিখে দিন ("শিক্ষকদের নম্বর ঠিক করুন" বা "নম্বর ঠিক করে দিন")। মেশিনে যা আছে তা যেমন আছে তেমনই থাকবে।

হোম পাতায় "মেশিনের হাজিরা" ঘরটাই দেখতে পাচ্ছি না।

এই সুবিধাটা এখন প্রতিষ্ঠানভিত্তিক — একটা প্রতিষ্ঠানের মেশিনের ফাইল একবার দেখে নিশ্চিত হওয়ার পর ওই প্রতিষ্ঠানের জন্য চালু করে দেওয়া হয়। আপনার প্রতিষ্ঠানে চালু করতে চাইলে হোয়াটসঅ্যাপ গ্রুপে মেশিনের ফাইলটা পাঠিয়ে বলুন।

একই ফাইল দুইবার তুললে হাজিরা দুইবার বসবে?

না। একই ফাইল আবার তুললে অ্যাপ বলবে নতুন কিছু নেই — এটা ঠিক আছে, ভয়ের কিছু নেই।

ফাইল তুললাম, কিন্তু আজকের হাজিরা নাই কেন?

মেশিনের সাথে সরাসরি লাইভ যুক্ত না এই অ্যাপ। কম্পিউটার থেকে যখন ফাইলটা বের করেন, ঠিক তখন পর্যন্তই হাজিরা ওই ফাইলে থাকে। তারপর কেউ আঙুল দিলে সেটা ওই ফাইলে ঢোকে না। তাই পুরান ফাইল তুললে পুরান তারিখই আসবে — অ্যাপের দোষ না, ফাইলে ওই দিনগুলাই নাই। আজকেরটা পেতে চাইলে কম্পিউটার থেকে আবার নতুন করে ফাইলটা বের করে আনতে হবে।

বারবার ফাইল বের করে ফোনে পাঠাতে বিরক্ত লাগছে। সহজ উপায় নাই?

একটা উপায় আছে — Google Drive দিয়ে। অফিসের কম্পিউটারে "Google Drive for Desktop" নামান, নিজের জিমেইল দিয়ে ঢুকুন। মেশিনের সফটওয়্যার যে ফোল্ডারে ফাইল রাখে, সেই ফোল্ডারটাই Drive-এর ভিতরে নিয়ে যান — তাহলে Export চাপলেই ফাইলটা এমনিতে Drive-এ চলে যাবে, হাতে পাঠানো লাগবে না। ফোনেও Google Drive অ্যাপ বসান, **একই জিমেইল দিয়ে** — এইটা ভুল হলে ফোনে কিছুই দেখা যাবে না। "ফাইল বাছাই করুন" চাপার পর উপরের মেনু থেকে Drive বেছে ফাইলটা নিন। দুইটা কথা মাথায় রাখবেন — কম্পিউটারে শুধু ওয়াইফাই/মেশিনের সাথে যুক্ত থাকলেই হবে না, ইন্টারনেটও চালু থাকতে হবে, নাহলে Drive-এ ফাইল যাবে না। আর ফোনেও ফাইল বাছার সময় নেট থাকতে হবে, নাহলে পুরান ফাইলই দেখাবে। এটা পুরাপুরি automatic না, শুধু হাতে পাঠানোর ঝামেলাটা কমায়।

পেনড্রাইভ কাজ করছে না — মেশিন থেকে ফাইল নামাতে পারছি না। তাহলে কি আর হবে না?

হবে। অফিসের কম্পিউটারে যদি মেশিনের সফটওয়্যারটা বসানো থাকে (ZKTime, eTimeTrackLite, BioTime, Attendance Management — যেকোনো একটা), পেনড্রাইভ ছাড়াই ফাইলটা বের করা যায়। ধাপগুলো - (১) কম্পিউটারে সফটওয়্যারটা খুলুন। (২) মেশিন থেকে নতুন হাজিরা নামানোর লেখাটা চাপুন — Download / Sync / Get Data জাতীয় কিছু একটা থাকবে। (৩) এবার রিপোর্ট বের করুন, আর এখানেই আসল কথাটা - **Attendance Records** (বা AttLog) নামের রিপোর্টটাই নেবেন। (৪) **CSV বা Text** করে সেভ করুন — এই দুইটা সব ভার্সনেই চলে। Excel-ও চলে, তবে সেটা ৩.২.২০৭ বা তার পরের ভার্সন থেকে; অ্যাপ যদি আপনার Excel ফাইলটা না নেয়, একই রিপোর্ট CSV করে সেভ করে দিলেই হয়ে যাবে। (৫) ফাইলটা ফোনে নিন (ইমো/হোয়াটসঅ্যাপে নিজের কাছে পাঠালেই হয়), তারপর উপরের ৭ নম্বর ধাপ থেকে অ্যাপে তুলে দিন।

মেশিনের সফটওয়্যার থেকে রিপোর্ট বের করে দিলে হবে? কোন রিপোর্টটা?

হবে, কিন্তু রিপোর্টটা ঠিকটা হতে হবে। এই সফটওয়্যারগুলোতে দুইরকম রিপোর্ট থাকে আর নাম দুইটা প্রায় একই শোনায় — **Attendance Records / AttLog** হল কে কখন আঙুল দিল তার তালিকা, এইটাই লাগবে। আর **General / Statistic / Calculate** হল হিসাব করা রিপোর্ট — ওটাতে কে কখন পাঞ্চ করল সেই সময়টাই নাই, তাই ওটা দিয়ে হাজিরা তোলা যায় না। ভুলটা দিলে অ্যাপ নিজেই ধরে ফেলে জানিয়ে দেবে, কাজেই ভয়ের কিছু নাই — শুধু জেনে রাখলেন।

Export চেপেছি, কিন্তু অ্যাপ বলছে "সফটওয়্যারের কাজের লগ — হাজিরা না"। কেন?

ওই সফটওয়্যারে প্রায় প্রতিটা তালিকার উপরেই একটা Export বোতাম আছে, আর স্ক্রিনে যে তালিকাটা খোলা আছে সেটাই বের হয়। কাজের লগ (Operation Log) হল কে কখন কোন বোতাম চেপেছে তার হিসাব — কলামগুলো যদি **ID, Operator, DateTime, Device, Description** হয়, তাহলে ওটাই। এতে ছাত্র-শিক্ষকের হাজিরা নাই। ঠিক করার নিয়ম - আগে Report মেনু থেকে **Attendance Records** তালিকাটা খুলুন, তালিকাটা স্ক্রিনে আসুক, **তারপর** Export চাপুন। ঠিক ফাইলটার কলামে Name আর Date/Time থাকবে, আর একেকজনের একাধিক লাইন থাকবে — কারণ একজন দিনে কয়েকবার আঙুল দেয়।

হাজিরা তুলতে নেট লাগবে?

ফাইল পড়া আর মিলানো নেট ছাড়াই হয়। শুধু শেষে সংরক্ষণ করার সময় নেট লাগবে। না হলে অ্যাপ রিপোর্ট কপি করার সুযোগ দেবে — সেটা গ্রুপে পাঠিয়ে দিলে আমরা দেখে দেব।

যারা পাঞ্চ করেনি তাদের অনুপস্থিত বসিয়ে দেব?

প্রথমবার ওই সুইচটা বন্ধ রাখুন। মেশিনে কেউ পাঞ্চ করতে ভুলে গেলে বা মেশিন না চিনলে সে অনুপস্থিত হয়ে যাবে। আগে একবার দেখে নিন সব ঠিকঠাক আসছে কিনা।

মেশিন থেকে হাজিরা কে কে আনতে পারবে?

**অনুমতি** পাতায় প্রত্যেক শিক্ষকের জন্য আলাদা একটা সুইচ আছে, নাম **"মেশিন থেকে হাজিরা আনা"**। আগের মতোই সবার জন্য চালু থাকে — এডমিন বা প্রধান শিক্ষক যার জন্য বন্ধ করতে চান, শুধু তার সুইচটা বন্ধ করবেন। বন্ধ করলে তিনি আর মেশিন থেকে হাজিরা তুলতে পারবেন না, তবে হাতে হাজিরা দেওয়া আগের মতোই চলবে। যার ফোনে নতুন ভার্সন আছে, তার হোম পাতায় মেশিনের ঘরটাই আর দেখাবে না — পরিষ্কার। যার ফোনে পুরান ভার্সন, তার ঘরটা এখনো দেখাবে এবং সে ভিতরে ঢুকতেও পারবে, কিন্তু শেষে সেভ করার সময় সার্ভার আটকে দেবে — হাজিরা ঢুকবে না। মানে অনুমতিটা সবার ক্ষেত্রেই কাজ করে; শুধু পুরান ভার্সনে "না" টা একটু দেরিতে আর একটু কম সুন্দরভাবে আসে।

AI-কে জিজ্ঞেস করুন

এই পাতাটা নিয়ে AI অ্যাপকে সহজ বাংলায় বুঝিয়ে দিতে বলুন।

AI অ্যাপ ব্যবহার করা শিখুন

গুগল প্লে থেকে ফ্রি ডাউনলোড করুন

আরও টিউটোরিয়াল